রাজধানীর আগারগাঁওয়ে দেশের বৃহত্তম কম্পিউটার মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪’ শুরু হয়েছে। আইডিবি মার্কেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সব অফার নিয়ে ৬ দিনব্যাপী মেলার আয়োজন করেছে বিসিএস কম্পিউটার সিটি। সুনির্দিষ্ট পণ্যে বিশেষ ছাড়ের সঙ্গে চলবে গেমিং, আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতা। মেলার উদ্বোধন করেন ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান।
তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে আইডিবি ভবন মার্কেট আস্থার সঙ্গে ২৫ বছর পূর্ণ করেছে। দেশের আইটি খাতের প্রসারে এই মার্কেটের অনেক অবদান রয়েছে। এমন মেলার আয়োজনের মাধ্যমে আইটি পণ্য নিয়ে গ্রাহকদের আগ্রহ আরো বাড়বে।
বাংলাদেশি এক্সপার্টদের অংশগ্রহণে প্রোডাক্ট তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সবুর খান বলেন, বাংলাদেশের ছেলে-মেয়েরা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তাদেরকে নিয়ে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে। পেটেন্ড প্রোডাক্ট তৈরি ও বিশ্ববাজারে তা ছড়িয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রায়ান্স আইটি’র ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, গ্লোবাল ব্রাণ্ড পিএলসি’র পরিচালক মোহাম্মাদ জসীম উদ্দীন খোন্দকার ও ইউনাইটেড কম্পিউটার সেন্টারের ম্যানেজিং পার্টনার সরোয়ার মাহমুদ খান।
বিসিএস কম্পিউটার সিটির মানেজমেন্ট কমিটির সভাপতি এ.এল. মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী) বলেন, আমাদের উদ্দেশ্য গ্রাহক সন্তুষ্টি। বিগত ২৫ বছর এই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে আইডিবি মার্কেট।
তিনি আরো বলেন, আইডিবি মার্কেটে কোনো নকল প্রযুক্তি পণ্য বিক্রি হয় না, এই মার্কেট থেকে পণ্য কিনে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই।
আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বলেন, ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪’ বেসরকারি খাতের সবচেয়ে বড় মেলা।
এই মেলা গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম হবে। মেলায় অংশ নেয়ার আসুস, এমএসআই, দাহুয়া, গিগাবাইট, এইচপি, হিকভিশন, লেনোভো এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেটের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এই মেলা চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।
Source: Kalerkantha